প্রয়োজন অনুযায়ী আইন বিভাগীয় বা লেজিসলেটিভ ক্যাডার সার্ভিস গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। বুধবার লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, লেজিসলেটিভ ডিভিশনে যারা কাজ করেন তাদের একটা ক্যাডার সার্ভিস তৈরি করার প্রয়োজন হয়ে পড়ায় এ সংক্রান্ত একটি প্রস্তাবনা প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। এটি অনুমোদন পাওয়া সময়ের ব্যাপার।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবার সরকার গঠনের পর লেজিসলেটিভ ড্রাফটিং উইং প্রতিষ্ঠা করেন। ২০০৯ সালে পুনরায় সরকার গঠন করলে ওই বছরের ২৩ ডিসেম্বর এই উইংকে তিনি লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগে উন্নীত করেন। আইনি পরিকাঠামো বিনির্মাণে এ বিভাগ সরকারকে সর্বদা সব রকমের সহায়তা প্রদান করছে।
আনিসুল হক বলেন, উন্নত ও সমৃদ্ধ জাতি গঠনের জন্য সুসংহত আইনি কাঠামোসহ আইনের শাসন ও অর্থনৈতিক উন্নয়ন অপরিহার্য। সেই কারণেই বিষয়ভিত্তিক নতুন আইন প্রণয়ন এবং বিদ্যমান আইন যুগোপযোগী করার ক্ষেত্রে অগ্রাধিকার দিয়েছে সরকার। এক্ষেত্রে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করছে।